প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:০৭ পিএম (ভিজিট : ৫৭)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ীতে শরীফ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে কোনাবাড়ীর কাশিমপুর রোডে অবস্থিত শরীফ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির পরিবেশ ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাবরেটরিতে রিএজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম অনুসরণ না করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শরীফ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের মালিক ডা. শরীফকে না পেয়ে জরিমানার বিষয়ে ম্যানেজার মোহাব্বত আলীর সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, “আমাদের মেডিকেলের পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ায় আমরা পুনরায় আবেদন করেছি, কিন্তু এখনো অনুমোদন পাইনি। এছাড়া ল্যাবে সামান্য কিছু সমস্যা ছিল। সে কারণেই জরিমানা করা হয়েছে। আপনারা তো দেখেন, বড় বড় মেডিকেল প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়, আর আমরা তো অনেক ছোট প্রতিষ্ঠান।”