প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:১০ পিএম (ভিজিট : ৩৫)

X
সংগৃহীত ছবি
নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নকাজে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।
জানা যায়, পৌরসভার বাস্তবায়নে শহরের কয়েকটি সড়ক ও হিউম পাইপ স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৪১৭ টাকা ব্যয়ে রাস্তাঘাট, ড্রেন, ফুটপাত ও সড়কবাতির কাজ (প্যাকেজ নং: RUTDP/SAD/2024-25/W-01, টেন্ডার আইডি-1128568) বাস্তবায়ন করা হচ্ছে। কাজ শুরুর তারিখ ছিল ১৯ অক্টোবর ২০২৫ এবং চুক্তি শেষের তারিখ ১৯ জানুয়ারি ২০২৭।
কাজ শুরুর পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও পরবর্তীতে কাজের ধীরগতির কারণে অসন্তোষ দেখা দেয়। একাধিকবার কাজ বন্ধ হয়ে পুনরায় শুরু হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক খুঁড়ে রাখায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
এদিকে, কাজের মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কেউ কেউ অভিযোগ করেছেন, নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, নিয়মিত তদারকির মাধ্যমে কাজ চলছে এবং কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পৌর প্রশাসক ফারাহ ফাতেমা মোবাইল ফোনে জানান, কোনো অনিয়ম হলে তা বরদাশত করা হবে না এবং সিডিউল অনুযায়ী কাজ নিশ্চিত করা হবে।