প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ৫:০৪ পিএম (ভিজিট : ৭০)

X
নকলা পৌরসভার দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নকলা পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP)-এর আওতায় মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়নের অংশ হিসেবে নকলা পৌরসভায় এই ১ম পরামর্শ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ হল রুমে নকলা পৌরসভার বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।
পরামর্শ সভায় অংশ নেওয়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকরা নকলা পৌরসভার স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। একটি পরিকল্পিত ও সমন্বিত নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তারা পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা (ড্রেনেজ সিস্টেম), যানজট নিরসন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নকলা পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে দীর্ঘমেয়াদী, সুশৃঙ্খল ও একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে। এর ফলে একদিকে যেমন নাগরিক সুযোগ-সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে, অন্যদিকে পৌরসভার প্রশাসনিক কার্যক্রমেও ব্যাপক গতিশীলতা আসবে।
উক্ত পরামর্শ সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।