
রায়পুরে অবৈধ ৬১টি দোকান উচ্ছেদ, খাল খনন কার্যক্রম শুরু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী স্টিল ব্রিজ সংলগ্ন সরকারি জায়গায় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
অভিযানে দীর্ঘদিন ধরে খালের ওপর ও সংলগ্ন সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ ৬১টি দোকান উচ্ছেদ করা হয়। সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে দোকানগুলো অপসারণ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল এবং রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাল খনন কার্যক্রম বাস্তবায়নের জন্য আগেই ব্যবসায়ীদের নোটিশ প্রদান করা হয় এবং এলাকায় মাইকিং করে দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সম্পত্তি উদ্ধার এবং খাল খনন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।