দিনাজপুরের কাহারোলে উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম কমিটির আয়োজনে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের জন্য সহায়তামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম কমিটির আহ্বায়ক ও বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ মোছা. নাজমা শিরিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেন্ডারভিত্তিক সহিংসতার বর্তমান পরিস্থিতি, এর কারণ, প্রতিরোধে করণীয় এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আফসানা মোস্তারী, ডেমোক্রেসি ওয়াচের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মোফাকারুল ইসলাম, জেলা ডেমোক্রেসি ওয়াচের প্রকল্প সমন্বয়কারী মো. সৈয়দ শহিদুর রহমান, ডেমোক্রেসি ওয়াচের ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর মো. আব্দুস সেলিমসহ উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, জিবিভি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ, জনসচেতনতা সৃষ্টি এবং ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।
এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে জিবিভি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।