
X
জাতীয় সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু
ময়মনসিংহের ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিন সফলভাবে অতিক্রম করায় উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য স্থানীয় জনগণের প্রশংসায় ভাসছেন তিনি।
সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষা, অবকাঠামো, খাল খনন, মাদকবিরোধী কার্যক্রম এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠায় তার নানা উদ্যোগ ইতোমধ্যে ভালুকাবাসীর মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছেন।
তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু বণ্টন এবং শতভাগ কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার প্রকল্প অনুমোদন হয়েছে।
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ভালুকার বিভিন্ন খাল পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্য নিয়মিত শিক্ষক, শিক্ষানুরাগী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করছেন। ভালুকা সরকারি কলেজ ও সোনার বাংলা ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলার সকল স্কুল ও মাদরাসায় কম্পিউটার ল্যাব এবং ফ্যাসিলিটিজ বিল্ডিং স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। এছাড়া একটি টেকনিক্যাল স্কুল ও মহিলা কলেজ স্থাপনের অনুমোদন পাওয়া গেছে বলে জানা গেছে।
মাদকমুক্ত ভালুকা গড়তে কঠোর অবস্থান নিয়েছেন এমপি বাচ্চু। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করলে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। একইসঙ্গে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের হুঁশিয়ারি দিয়েছেন।
স্বাস্থ্যসেবা খাতেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি নিজস্ব অর্থায়নে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে যাচ্ছেন।
ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও নিম্ন আয়ের রোগীরা বিনামূল্যে ওষুধ পেয়ে উপকৃত হচ্ছেন। স্থানীয়দের মতে, সরকারি বরাদ্দের পাশাপাশি এমপির ব্যক্তিগত উদ্যোগে ওষুধ সরবরাহ স্বাস্থ্যসেবা খাতে একটি মানবিক ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিকে বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। ভালুকার প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পায়, সেটিই আমার প্রধান লক্ষ্য। গত ১০০ দিনে আমরা শিক্ষা, যোগাযোগ, কৃষি ও জনকল্যাণমূলক খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। আমি চাই ভালুকাকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও কর্মসংস্থানভিত্তিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আগামী দিনে ভালুকায় আরও ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে। জনগণের সহযোগিতা নিয়ে আমি একটি স্মার্ট ও সমৃদ্ধ ভালুকা গড়ে তুলতে চাই।”
স্থানীয় ব্যবসায়ী আতাউর রহমান বলেন, “এমপি হওয়ার পর অল্প সময়েই তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছেন। উন্নয়ন কর্মকাণ্ডের গতি বেড়েছে।”
উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ বলেন, “শিক্ষা খাতে তাঁর উদ্যোগ প্রশংসনীয়। কলেজে অনার্স কোর্স চালু এবং শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।”
কৃষক মোঃ আশরাফ উদ্দিন বলেন, “খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে কৃষিতে বড় ধরনের সুফল পাওয়া যাবে। এটি সময়োপযোগী উদ্যোগ।”
স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনেই জনসেবা, উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু ভালুকাবাসীর প্রত্যাশা পূরণে ইতিবাচক বার্তা দিতে সক্ষম হয়েছেন। আগামী দিনগুলোতে তার ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ভালুকা উন্নয়নের নতুন মাইলফলক স্পর্শ করবে বলে আশা করছেন সাধারণ মানুষ।