প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:০৬ পিএম আপডেট: ১০.০৬.২০২৬ ৫:২০ পিএম (ভিজিট : ৪৩)

X
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দুই নেতার
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দলের দুই ইউনিয়ন পর্যায়ের নেতা।
তারা হলেন ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তৈয়াবুর রহমান এবং ২ নম্বর প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রণব ঘোষ।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, ব্যক্তিগত ও শারীরিক নানা সীমাবদ্ধতার কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় আওয়ামী লীগের সকল পদ-পদবী এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তাদের বক্তব্যে উঠে আসে, দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং অর্পিত দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান পরিস্থিতি ও ব্যক্তিগত বাস্তবতা বিবেচনায় তারা রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজনৈতিক পদ থেকে সরে গেলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় অটুট থাকবে। জাতীয় উন্নয়ন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভবিষ্যতেও নিজেদের সম্পৃক্ত রাখার আগ্রহ প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, মোহাম্মদ তৈয়াবুর রহমান মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের বাসিন্দা। তিনি ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে প্রণব ঘোষ ২ নম্বর প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।