প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:০৩ পিএম (ভিজিট : ২৮)

X
ছবি: প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৩ নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর দাউদপুর গ্রামের কাজিপাড়া থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নারী আসামিরা হলেন, উপজেলার উত্তর দাউদপুর গ্রামের কাজিপাড়ার আলম হোসেনের স্ত্রী ফরিদা খাতুন (৪৬), মোফাজ্জল হোসেন মোফা এর স্ত্রী শিরিন আক্তার (৩২) ও আনোয়ার হোসেনের স্ত্রী মালেকা বানু (৪৪)।
বিরামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে বিরামপুরের উত্তর দাউদপুর গ্রামের কাজিপাড়ায় গোপনে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের ৩ মাদক কারবারির বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি বাড়ি-ঘর তল্লাশি করে পুলিশ এলাকার চিহ্নিত মাদক কারবারি ফরিদা খাতুনকে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল বড়ি ও ২ বোতল ইস্কাফ, শিরিন আক্তারকে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল বড়ি ও ২ বোতল ইস্কাফ এবং মালেকা বানুকে ২ বোতল ইস্কাফসহ আটক করা হয়।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, গতকাল বুধবার রাতে উত্তর দাউদপুরের কাজিপাড়া থেকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল বড়ি ও ইস্কাফসহ ৩ নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আজ বিকেলে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।।