প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২২ এএম (ভিজিট : ৮৬)

X
তেঁতুলিয়ায় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন
মেধা, উদ্যোগ ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নতুন নতুন বৈজ্ঞানিক ভাবনা ও উদ্ভাবনে মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ।
মেলায় তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া সরকারি কলেজসহ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৩টি দল অংশ নেয়। খুদে বিজ্ঞানীরা তাদের তৈরি বিভিন্ন স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট এবং পরিবেশবান্ধব প্রযুক্তির নানা ধারণা দর্শনার্থীদের সামনে তুলে ধরে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরু। সিপাইপাড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আজিজুল বারী বাবু, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, সমাজসেবা অফিসার আবু তাহের এবং আইসিটি অফিসার নবীউল কারিমসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করেন। খুদে বিজ্ঞানীদের আত্মবিশ্বাসী উপস্থাপনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরোজ শাহিন খসরু বলেন, "শিক্ষার্থীদের এই উদ্ভাবনী ধারণাগুলো যেন কেবল মেলাতেই সীমাবদ্ধ না থাকে। বিজ্ঞান ও প্রযুক্তির এই উদ্ভাবনগুলোকে বাস্তব রূপ দিয়ে দেশের উন্নয়নে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।"
মেলা শেষে সৃজনশীলতার ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে কাজী শাহাবুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ২য় স্থান অর্জন করে বেগম খালেদা জিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান লাভ করে বেগম ফখরুননেছা ফাজিল মাদ্রাসা। আগামীর বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গড়ার প্রত্যয় ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মেলাটি শেষ হয়।