প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ৭২)

X
দুই দিন ধরে নিখোঁজ পাবিপ্রবি শিক্ষার্থী রুহুল আমিন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. রুহুল আমিন মোস্তফা গত দুই দিন থেকে নিখোঁজ রয়েছেন।
রুহুল আমিন মোস্তফা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, রুহুল আমিন কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। গত ১১ জুন(বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সহপাঠীদের সূত্রে জানা গেছে, রুহুল আমিনের অনার্স শেষ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল গত ১০ জুন। পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে এলেও পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট পর শারীরিক অসুস্থতা ও অস্বস্তি অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান। পরদিন সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
রুহুল আমিনের বাবা মো. রহিম ইসলাম বলেন, “আমার ছেলে কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং মানসিকভাবে ভেঙে পড়েছিল। ১১ জুন সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি। কেউ তার খোঁজ পেলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”
পরিবারের সদস্যরা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এদিকে রুহুল আমিনের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করা হচ্ছে।
রুহুল আমিনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৯৬০-৫০৫৬০৫ অথবা ০১৬০২-০৯৬১৫৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এব্যাপারে কিশোরগঞ্জ থানার এস আই শ্রী জগদীশ চন্দ্র রায় বলেন, নিখোঁজ হওয়া শিক্ষার্থীর পরিবার থেকে একটা জিডি করা হয়। ছেলেটার কাছে ফোন না থাকায় আমরা তার অবস্থান ট্র্যাকিং করতে পারছি না। আমরা বাংলাদেশ পুলিশের অন্য ইউনিট গুলোতে তথ্য প্রেরণ করেছি। সর্বোচ্ছ চেষ্টা করছি তাকে খুজে বের করার জন্য।