প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ৬০)

X
ডামুড্যায বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ডামুড্যায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে কার্বন ডাই-অক্সাইডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে নির্বাচনী ইশতেহারে ব্যাপক বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিলেন। আজ রাষ্ট্রীয়ভাবে সেই কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। সারা দেশের ন্যায় শরীয়তপুরের ডামুড্যায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা সহকারী কমিশন (ভূমি) জাহিদুর রহমান, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।