স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে নড়াইলে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির (ভিসিএমসি) সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল থেকে দিনব্যাপী নড়াইল সদর পৌরসভা সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না।
কর্মশালায় নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলার গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার জেনারুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর রেজমিন সুলতানা, মো. ওমর ফারুক, অলোক কুমার পাল এবং পিএফও কৃষ্ণপদ সরকার।
আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করা প্রয়োজন। এ ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপপরিচালক জুলিয়া সুকায়না বলেন, গ্রাম আদালতের প্রতি জনগণের আস্থা বাড়াতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে সামাজিক সম্প্রীতি বজায় থাকবে এবং উচ্চ আদালতের ওপর মামলার চাপও কমবে।
কর্মশালায় গ্রাম আদালত পরিচালনার বিভিন্ন দিক, আইনগত কাঠামো, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি এবং কার্যকর বাস্তবায়নের কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।