প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:২৭ পিএম (ভিজিট : ৫০)

X
গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধস: খালে পড়ল ট্রাক, ইজিবাইক ও বাইসাইকেল
গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে বালুবাহী ট্রাক, একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল খালে পড়ে গেছে। এ ঘটনায় চালক ও যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ব্রিজটি ভেঙে পড়ায় জেলা শহরের সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
আজ রোববার (১৪ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাঁচুরিয়া এলাকার ব্যস্ত ও দীর্ঘদিনের জরাজীর্ণ বেইলি ব্রিজটি দিয়ে একটি বালুবাহী ট্রাক পারাপার হচ্ছিল। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রিজটির কাঠামো হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে। এতে ট্রাকটি সরাসরি খালে পড়ে যায়। একই সময় ট্রাকের পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক এবং একটি বাইসাইকেলও নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাদের সহযোগিতায় আহতদের খাল থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় ট্রাকচালক, ইজিবাইক চালক এবং কয়েকজন যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, প্রধান সড়কের এই গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি ধসে পড়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষের জেলা শহরে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
বর্তমানে যান চলাচলের জন্য বিকল্প হিসেবে লেকপাড়ের সড়ক ব্যবহার করা হচ্ছে। তবে সড়কটি সংকীর্ণ ও বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা হওয়ায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াত যেমন ধীরগতির হয়ে পড়েছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করার পাশাপাশি স্থায়ী ও নিরাপদ একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।