প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:২৩ পিএম (ভিজিট : ৫২)

X
কুমিল্লার উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন উদবাতুল বারী আবু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তিনি গ্রেড-২ পদমর্যাদায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চেয়ারম্যান নিয়োগে প্রতিক্রিয়ায় জানিয়ে উদবাতুল বারী আবু বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, কুমিল্লাবাসীকে সঙ্গে নিয়ে সেই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দায়িত্ব বুঝে নেয়ার পর কুমিল্লার সকল মন্ত্রী-এমপি ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কুমিল্লার সার্বিক উন্নয়নের কাজ করবেন। একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়তে আমি সবার সহযোগিতা কামনা করছি।
এদিকে, কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম দল-মত নির্বিশেষে কুমিল্লার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, সকলের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে কুমিল্লাকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত নগরায়ণ, যানজট, জলাবদ্ধতা ও অবকাঠামোগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটি নগর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।