প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:১৯ পিএম (ভিজিট : ৬৪)

X
আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় ৯৫ শতাংশ দগ্ধ স্টক লট ব্যবসায়ী মিজানুর রহমান ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার সকালে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি মো: তরিকুল ইসলাম।
মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার সিদ্দিক ভেণ্ডার গ্রামে। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন এবং ওই কক্ষে একাই বসবাস করতেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিজানুরকে ভর্তি করা হয়। তার তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
মিজানুরের প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, শনিবার রাত ১২টার দিকে মিজানুরের কক্ষে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতরে আগুন ধরে যায়। পরে মিজানুরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। আরেক প্রতিবেশী সবুজ মিয়া বলেন, মিজানুর কক্ষে একা থাকতেন। তার মোবাইল ফোন ও চার্জার পোড়া অবস্থায় পাওয়া গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মোবাইল ফোন বিস্ফোরিত হলে তিনি দগ্ধ হন। রোববার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, ওভার হিটিং থেকে অনেক সময় মোবাইল ফোন বা চার্জার বিস্ফোরণ হয়ে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমন কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।