প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:১১ পিএম আপডেট: ১৫.০৬.২০২৬ ৪:২৫ পিএম (ভিজিট : ৯৯)

X
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশন অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। সে সময় স্টেশন এলাকায় বিদ্যুৎ না থাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, রাত ২টার দিকে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।