প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:৪৩ এএম (ভিজিট : ৬২)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আনোয়ারা উপজেলার মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
নিহত প্রিয়ন্তী বড়ুয়া (১৬) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
সূত্রে প্রকাশ, আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে শনিবার রাতে ঘাতকের ছুরিকাঘাতে নৃশংসভাবে মা এনি বড়ুয়া (৪০) ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) নিজ ঘরে খুন হন। ঘটনার পরপরই পুলিশ প্রশাসনসহ সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে রোববার রাতে রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে পটিয়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ঘাতকের কাছ থেকে ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিকে মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী প্রিয়ন্তী বড়ুয়া ও তার মায়ের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। রোববার নিহতের বাড়িতে শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা ছুটে যান। বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে মা-মেয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়। বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা “ফাঁসি চাই, ফাঁসি চাই” স্লোগান দেয়।
মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুল কাদের, সাংবাদিক এম. আনোয়ারুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ দিদার হোসেন চৌধুরী, মো. আলমগীর, শাপলা চক্রবর্তী এবং প্রধান শিক্ষক মো. ছবুরসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।