প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৫০ পিএম (ভিজিট : ৩৪)

X
মান্দায় ডিবি পুলিশের অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার: নারী মাদক কারবারি আটক
নওগাঁর মান্দায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী।
সোমবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার গণেশপুর সেকিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটককৃত স্ত্রীর নাম রাশেদা বেগম। তিনি ওই গ্রামের পলাতক স্বামী সাইদুর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম সোমবার দিবাগত মধ্যরাতে মান্দা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, গণেশপুর সেকিপাড়া (বিলের পাশে) গ্রামে স্বামী-স্ত্রী দুইজন মিলে তাদের বাড়ির সামনে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটের দিকে অভিযানিক টিমটি আসামি সাইদুর রহমানের (৪৬) বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুর তার হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে পাশের বিলের মধ্যে পালিয়ে যান। পরে পুলিশ ওই ফেলে যাওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ১০ পাতায় (প্রতি পাতায় ৪০ পিস করে) মোট ৪০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এ সময় সাইদুরের স্ত্রী রাশেদা বেগমও পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যের উপস্থিতিতে রাশেদা বেগমের ঘর তল্লাশি করা হয়। আসামি রাশেদার কাছে থাকা চাবি দিয়ে তার ঘরের ভেতরে থাকা ট্রাংকের তালা নিজের হাতে খুলে দিলে, সেখান থেকে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত লোকজনের সামনে সর্বমোট ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা জব্দ করে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এই স্বামী-স্ত্রী উভয়ই দীর্ঘদিন ধরে মান্দা থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।
এ বিষয়ে আজ মঙ্গলবার (১৬ জুন) জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।