প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম (ভিজিট : ১৩৯)

X
ওয়াহিদুল ইসলাম
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুকে বলাৎকার করে ডোবায় চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিন যুবককে স্থানীয় লোকজনের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চর এলাকার একটি ডোবা-খাল থেকে ওয়াহিদুলের মরদেহ উদ্ধার করা হয়। ওয়াহিদুল ইসলাম ৫ নম্বর ওয়ার্ড এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার তিন যুবক রবিবার বিকেলে ওয়াহিদুল ইসলামকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা তাকে বলাৎকার করে। পরে ঘটনা ফাঁস হওয়ার ভয়ে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করে। লাশ গোপন করার জন্য ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।
এলাকাবাসী আরও জানায়, তিনজনের মধ্যে একজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনার বিষয়ে জানার কথা বলে। পরে তাকে ফুসলিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারেন স্থানীয় লোকজন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার এবং অপর দুই সহযোগীকে শনাক্ত করে পাকড়াও করা হয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। তবে তাৎক্ষণিকভাবে আটক তিনজনের নাম-ঠিকানা জানা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রবিবার শিশুটি নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে একটি ডোবা-খালে কচুরিপানার ভেতরে স্থানীয় লোকজন শিশু ওয়াহিদুল ইসলামের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
এদিকে ছোট্ট শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় পুরো এলাকার মানুষ স্তব্ধ হয়ে পড়েছে।