আড়াইহাজারে পুলিশের উপর হামলা, দুই নারী গ্রেপ্তার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:০১ পিএম (ভিজিট : ৫১)

X
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ধরতে গিয়ে আসামীর পরিবারের লোকেরা পুলিশের উপর হামলা করে আসামীকে পালিয়ে যেতে সহায্য করেছে। এ ঘটনা ঘটেছে সোমবার (১৫ জুন) সন্ধ্যায়। এ ব্যাপারে থানার এ এস আই মামুনুর রশিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। হামলাকারী দুই মহিলাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ওই এলাকার মতিউর রহমান মোক্তারের ছেলে শাহাদাত হোসেন খান মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত একজন আসামী। তাকে গ্রেফতার করার জন্য ঘটনার সময় থানার এ এস আই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে আসামীর বাড়ী ঘেরাও করেন । এ সময় আসামীর বাড়ীর লোকজন পুলিশের উপর হামলা করে শাহাদাত হোসেন খান কে পালিয়ে যেতে সাহায্য করলে পুলিশের সাথে বাড়ীর লোকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা পুলিশ থানায় ফোন করে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে বের হয়ে আসে এবং ঘটনার সাথে জড়িত শাহিনুর বেগম (৪৫) এবং মাহিনুর বেগম (৪২) নামে দুই মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে ভুক্তভোগি এ এস আই মামুনুর রশিদ বাদী হয়ে আসামী শাহাদাত হোসেন খান সহ তার পরিবারের ৬ জনের নাম উল্লেখ করে এবং ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত দুই মহিলা আসামীকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে এবং বাকী আসামীদেরকে গ্রপ্তারের চেষ্টা চলছে।