প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৪৩ পিএম (ভিজিট : ৮৯)

X
হাটহাজারীতে অধ্যক্ষের অপসারণের দাবিতে স্মারকলিপি
হাটহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ আলিপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাইফুর রহমানের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন প্রাক্তন ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, যোগদানের পর হতে শিক্ষার মান অবনতি, নয় বছর যাবৎ কমিটি না করা, ২৫ সালের এসএসসি পরীক্ষায় লজ্জাজনক ফলাফলসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান পূর্বে প্রাক্তন ছাত্র পরিষদ, অভিভাবক ও এলাকাবাসী সাংবাদিকদের জানান, অভিযুক্ত অধ্যক্ষ যোগদানের পর হতেই একসময়ের ঐতিহ্যবাহী ওই প্রতিষ্ঠানের মান দিন দিন ক্ষুন্ন হচ্ছে। তার নেতৃত্বে তৈরি হয়েছে কিশোরগ্যাং।
দিনের পর দিন বিভিন্ন অজুহাতে ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ হয়েছে। তারই তৈরি কিশোরগ্যাংয়ের হামলায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর খুন হয়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন সময় আন্দোলন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। নিয়মিত অফিস না করে প্রায়শই উপজেলায় ঘুর ঘুর করে। ২০১৭ সাল থেকে আজ অব্দি কোন কমিটি, এডহক কমিটি করতে দেয়নি সে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম কর্তৃক তিনতিনবার তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দিলেও সে জবাব দেয়নি। তারা বলেন, পড়ালেখার মান কমে যাওয়ায় অনেকেই অন্যত্র ভর্তি হচ্ছেন।
একজন ব্যক্তির কারণে আজ প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে। তার কারণে হাটহাজারীর এমপিও ভুক্ত তালিকার মানের দিক দিয়ে সর্বনিম্নে নেমে এসেছে। দ্রুত এডহক কমিটি গঠন এবং তার বিরুদ্ধে অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার এবং হাটহাজারীর সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোঃ ইউনুছ খন্দকার, প্রাক্তন ছাত্র জিয়া উদ্দিন মিজান, সাইফুদ্দিন সজিব, আব্দুল্লাহ আল মামুন, মোঃ রায়হান, আইয়ুব পাভেল নুরুল ইসলাম, আমিন, আব্দুর রহিম, শাহজাহান প্রমূখ।
ইউএনও মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, একটা স্মারকলিপি পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।