প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:২৬ পিএম (ভিজিট : ৩৫)

X
মাতারবাড়ী সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষা এবং নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ড্রেজিং কার্যক্রম শুরু
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) কর্তৃক পরিচালিত মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি Maintenance (রক্ষণাবেক্ষণ/সংরক্ষণ) ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেল দিয়ে কয়লাবাহী জাহাজ নিয়মিত চলাচল করছে। এছাড়া অদূর ভবিষ্যতে এলএনজি (LNG) বহনকারী জাহাজেরও নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত পলি জমার কারণে চ্যানেলের বিভিন্ন স্থানে নাব্যতা হ্রাসপাওয়ায় নির্ধারিত গভীরতা বজায় রাখা জরুরি হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে চ্যানেলের নাব্যতা পুনরুদ্ধার এবং বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মাতারবাড়ী চ্যানেলের বিদ্যমান মরফোলজিক্যাল অবস্থা এবং পলি পরিবহনের ধরণ বিশ্লেষণের ভিত্তিতে ট্রেইলিং সাকশন হপার ড্রেজার (Trailing Suction Hopper Dredger-TSHD) এধরনের ড্রেজিং কার্যক্রমের জন্য সর্বাধিক উপযোগী ও কার্যকর ড্রেজার হিসেবে বিবেচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন TSHD King Copper এর মাধ্যমে মাতারবাড়ী চ্যানেলে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। ড্রেজারটি চ্যানেলের বিভিন্ন অংশে সঞ্চিত পলি অপসারণের মাধ্যমে নির্ধারিত গভীরতা পুনঃ প্রতিষ্ঠা ও বজায় রাখার লক্ষ্যে কাজ করছে।
মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর দেশের সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো।চ্যানেলের নির্ধারিত নাব্যতা বজায় থাকলে বৃহৎ আকারের বাণিজ্যিক, কয়লাবাহী এবং এলএনজি জাহাজ নিরাপদে চলাচল করতে সক্ষমহবে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও বৈদেশিক বাণিজ্য কার্যক্রমকে আরও গতিশীল করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সকল অংশীজনের সহযোগিতায় মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় সকল কার্যক্রম অব্যাহত রাখবে এবং দেশের সমুদ্র বন্দর ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।