প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:৩০ পিএম (ভিজিট : ৬৭)

X
ছবি: প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিম চর মন্নিয়া গ্রামের বাসিন্দা হানিফ মোল্লা দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভাঙনের শিকার। নদীর অব্যাহত ভাঙনে তার বসতভিটা ও ঘরবাড়ি একাধিকবার নদীগর্ভে বিলীন হয়ে যায়। চারবার নদীভাঙনের ক্ষয়ক্ষতির পর সর্বশেষ তার ঘরটি আগুনে পুড়ে গেলে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
অসহায় পরিবারটির দুর্দশার কথা বিবেচনা করে ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হানিফ মোল্লার জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবার আবারও নিরাপদ আশ্রয়ে বসবাসের সুযোগ পেয়েছেন।
স্থানীয়রা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের এমন উদ্যোগ অসহায় পরিবারগুলোর জন্য আশার আলো তৈরি করেছে।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, আজ শনিবার দুর্গম চরাঞ্চল ও নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রকৃত ভুক্তভোগী পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, যারা নদীভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের সহায়তায় প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, বিএনপির নেতা আফসার আলীসহ আরো অনেকে।