পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশ্বের ১৩টি দেশের গবেষকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস-২০২৬ (ইফাস্ট-২০২৬)’ শুরু হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পাবিপ্রবির বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস (ইউনিম্যাপ)-এর সেন্টার অব এক্সেলেন্স ফর অ্যাডভান্সড কম্পিউটিংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নাইজেরিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, ভুটান, নেপাল ও ভারতের গবেষকরা অংশ নিচ্ছেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে ৩৯টি টেকনিক্যাল সেশনে মোট ৩৭৬টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। এর মধ্যে ২২৮টি সরাসরি, ৭৮টি অনলাইনে এবং ৬৯টি পোস্টার প্রেজেন্টেশন হিসেবে উপস্থাপন করা হবে। সম্মেলনে উন্নত পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ বিজ্ঞানের বিভিন্ন শাখার সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক ও বিজ্ঞানীরা সরাসরি এবং ভার্চুয়ালি কীনোট ও আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন সার্নের (CERN) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. জন এলিস, সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাকির আলী, ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক ড. নারুহিকো আইজাওয়াসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এ ছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল হক, সদস্য সচিব অধ্যাপক ড. মো. শামীম রেজাসহ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “আমি এখানে যোগ দিয়েছি মাত্র এক মাস হলো। এই স্বল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে পরপর দুটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে দেখলাম। এটি প্রমাণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। এই আয়োজন সফল করতে যেসব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আয়োজক নিরলস পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, “বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তি বিশ্বকে নতুনভাবে রূপ দিচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক সংকট আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সম্মেলনে দেশ-বিদেশের গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক সমস্যার কার্যকর সমাধানে নতুন উদ্ভাবনী ধারণা উঠে আসবে বলে আমরা আশাবাদী।”