প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:০৯ পিএম (ভিজিট : ৭৮)

X
প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাকে ইরানের পাঠাচ্ছে সরকার।
আগামী ৪ থেকে ৯ জুলাই খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী তেহরান, পবিত্র নগরী কোম ও মাশহাদে এই আয়োজন করা হবে।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে অংশ নিতে আগামী জুলাই মাসে ইরান সফরে যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কূটনৈতিক একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই স্পিকার হাফিজ উদ্দিনের তেহরানে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, ‘এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। এই ঘটনার পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল।