প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম (ভিজিট : ৮০)

X
ফাইল ছবি
গাজীপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে তার দুই সন্তানকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন কৃষক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী (৩৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পরে সোমবার রাতে ভুক্তভোগী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত কাইয়ুম মীর (৪৬) গাজীপুর সদর উপজেলার ধলীপাড়া গ্রামের মৃত. আমজাদ হোসেন মীর বাদলের ছেলে। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। এই সুযোগে একই এলাকার কাইয়ুম মীর গত ৬ থেকে ৭ মাস ধরে তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত কাইয়ুম ভুক্তভোগীর বাড়িতে গিয়ে দাবি করেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। তাই তিনি ওই রাতে আশ্রয় চান। মানবিক কারণে ভুক্তভোগী তাকে ঘরে থাকতে দেন।
পরে রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আবারও কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারালো বটি দিয়ে ভুক্তভোগীর চার মাস বয়সী শিশুপুত্রের গলায় ধরে তাকে হত্যাসহ ১৩ বছর বয়সী মেয়ের ক্ষতি করার হুমকি দেয়। সন্তানদের প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম মীরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।