প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম (ভিজিট : ৩৭)

X
পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন পুলিশ কমিশনারও পদায়ন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।