প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:২৯ পিএম (ভিজিট : ২৮)

X
ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪২টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৮৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী প্রকৌশলী আব্দুস সালামসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেকগ্রহীতা ও সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পরিষদকে জনবান্ধব, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ জনগণের আমানত। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে এবং প্রতিটি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে তিনি দিকনির্দেশনা দেন।
চেকগ্রহীতা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিরা বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে এভাবে সরাসরি উন্নয়ন কাজের চেক হস্তান্তর একটি ব্যতিক্রমী উদ্যোগ।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।