প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৪২ এএম (ভিজিট : ২৬)

X
ছবি: প্রতিনিধি
সারাদেশে অব্যাহত টানা বৃষ্টিপাত রাজধানী ঢাকায় কিছুটা কমেছিল। রোববার (১২ জুলাই) বিকেল থেকে আবহাওয়া ভালোই ছিল। ফলে শহরের জলাবদ্ধতাও কমতে শুরু করে। কিন্তু আজ (সোমবার) সকাল থেকে আবার শুরু বৃষ্টি। এতে নগরের নিচু এলাকা ও সড়কগুলোতে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করেছে।
বাংলা পঞ্জিকার আষাঢ়ের ২৯ তারিখে এসে বর্ষা যেন তার চিরচেনা রূপে ফিরেছে। কয়েক দিনের টানা বর্ষণের পর সোমবার সকালেও আকাশ ভেঙে বৃষ্টি নামায় চরম ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবী, শ্রমজীবী এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
গণপরিবহন সংকটের সঙ্গে বৃষ্টিজনিত দুর্ভোগ মিলিয়ে নগরবাসীর দৈনন্দিন চলাচল হয়ে উঠেছে আরও কঠিন।
এর আগে শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে রোববার রাজধানীর অধিকাংশ প্রধান সড়ক ও অলিগলি পানির নিচে চলে যায়। অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে।
যদিও রোববার বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত বৃষ্টি কম থাকায় বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকার পানি অনেকটাই নেমে যায়। তবে সকালে ফের বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।