প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৩৪ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ২:৪৭ পিএম (ভিজিট : ২৭)

X
সংগৃহীত ছবি
ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট ‘ঢাকা উৎসব’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৩ জুলাই) ডিএসসিসির অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটির প্রশাসক আব্দুস সালাম এ তথ্য জানান। তিনি বলেন, উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আব্দুস সালাম বলেন, ‘আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে ১ আগস্ট আমরা ঢাকা উৎসব উদযাপন করতে চাই। প্রধানমন্ত্রী ঢাকা উৎসব অনুষ্ঠান উদ্বোধনের সম্মতি জানিয়েছেন।’
তিনি বলেন, “ঢাকা শহরের কৃষ্টি, সাহিত্য ও ঐতিহ্য মানুষের মাঝে আবারও তুলে ধরতে চাই। এ আয়োজনের মাধ্যমে ঢাকার পুরোনো ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে।”
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ১ আগস্ট থেকে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রথম দিন পুরান ঢাকার লালবাগ কেল্লা থেকে উৎসবের উদ্বোধন করা হবে।
দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘প্রথম দিন লালবাগ কেল্লা থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আদি ঢাকার খাবারের স্টল পরিদর্শন, ক্লিন ঢাকা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকাবাইচসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।’