প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:১৯ পিএম (ভিজিট : ৫১)

X
ছবি: প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বাজারসংলগ্ন রহমানিয়া কওমি মাদ্রাসা ও হেফজখানায় বৃষ্টি নামলেই দেখা দেয় চরম দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই মাদ্রাসার সামনের মাঠ ও প্রবেশপথ কাদা-পানিতে তলিয়ে যাওয়ায় দেড় শতাধিক শিক্ষার্থীকে বই-খাতা হাতে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ১৫০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ভবনটি উঁচু হলেও মাঠ ও সংযোগ সড়ক নিচু হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। এতে শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি নিয়মিত পাঠদানও ব্যাহত হচ্ছে।
অভিভাবকেরা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মাঠ ও প্রবেশ সড়ক উঁচু করার দাবি জানিয়েছেন।
মাদ্রাসার পরিচালক শাহিদুল ইসলাম বলেন, সীমিত অর্থের কারণে সড়ক ও মাঠ সংস্কার সম্ভব হচ্ছে না। তিনি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি সহযোগিতা কামনা করেন।