প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম (ভিজিট : ২৯)

X
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন পরীক্ষা পেছানো ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে অবস্থান নেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের বোঝানোর জন্য ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সেখানে গেলে শিক্ষার্থীরা ওই স্লোগান দেন।
এসময় নাছির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে, সেই দাবির প্রতি সমর্থন জানিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। অতিবৃষ্টির কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তিনি তাঁর মেয়েকে বলেছেন, এখনকার বৃষ্টির মধ্যে ভিজলে ‘বয়লার মুরগির’ মতো হয়ে যেতে পারে। এটি তিনি বলেছেন। শিক্ষার্থীরা হয়তো এই বক্তব্যে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে।
নাছির উদ্দিন আরও বলেন, আমরা বলেছি, শিক্ষার্থীরা প্রতিনিধি নির্বাচন করে আমাদের কাছে আসুক। আমরা তাদের সঙ্গে নিয়ে বিষয়টি নিয়ে কাজ করব। কিন্তু তারা এর বাইরে গিয়ে রাস্তা অবরোধের কথা বলছে। আমরা মনে করি, যেহেতু তাদের দাবি মানা হচ্ছে, তাহলে রাস্তা কেন অবরোধ করতে হবে?
প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এর আগে, আজ দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়।