প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম (ভিজিট : ২৮)

X
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তা ডিউটি করার সময় হাতেনাতে চার মাদকসেবীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে তাদের মাদকসহ আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও সিজার ব্লেডসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত করার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের থানা পুলিশে সোপর্দ করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই সফল অভিযানটি এমন এক মুহূর্তে পরিচালনা করা হলো, যার ঠিক কয়েক ঘণ্টা আগেই বাংলাদেশের মহান জাতীয় সংসদে মাদক কেনাবেচার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কঠোর বিধান রেখে নতুন সংশোধন বিল পাস হয়েছে।
সংসদে এই আইন পাসের পর পরই আনসার ও ভিডিপির মহাপরিচালক মহোদয় মাদকের বিরুদ্ধে দেশজুড়ে আনসার ও ভিডিপির চলমান কঠোর অবস্থানের পাশাপাশি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের জন্য বাহিনীর সব স্তরের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
বর্তমানে দেশের প্রতিটি সরকারি হাসপাতাল, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা এবং তৃণমূল পর্যায়ে মাদকের ভয়াল থাবা রুখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সোচ্চার ভূমিকা পালন করছেন আনসার ও ভিডিপি সদস্যরা।