
X
ছবি: প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও তৃণমূল রাজনীতির একনিষ্ঠ সংগঠক মরহুম খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর দলীয় কার্যালয়ে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে মরহুমের রাজনৈতিক জীবন, আদর্শ ও দলের প্রতি তাঁর অবদানের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, খোরশেদুজ্জামান লেবু ছিলেন দলের দুঃসময়ের পরীক্ষিত কাণ্ডারি। তাঁর আদর্শ, ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা মরহুম খোরশেদুজ্জামান লেবুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় রাজনীতিতে তার অসামান্য অবদান এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে গড়ে ওঠা নিবিড় আত্মিক সম্পর্ক সহজে পূরণ হওয়ার নয়।
বক্তারা আরও বলেন, বিএনপির প্রবীণ নেতা খোরশেদুজ্জামান লেবু জীবনের শেষ দিন পর্যন্ত দলের আদর্শ ধারণ করে রাজনীতি করেছেন। রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার আদর্শ ও কর্ম আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন ও এ.কে.এম. শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক প্রিন্স আলম, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্মরণসভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং খোরশেদুজ্জামান লেবুর আত্মার শান্তি কামনাসহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।