স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার ব্যবহার করে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের রামুতে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার মিরপুর এলাকার উর্মি আক্তার ঊষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর (CHR) প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলার ভেতর থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে ইয়াবা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এছাড়া চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।