প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম (ভিজিট : ৩১)

X
সিরাজগঞ্জ জেলা কারাগার
সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
নিহত আমিনুল ইসলাম লিটন (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। তিনি বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, আমিনুল ইসলাম লিটন একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গত ৫ জুলাই থেকে কারাগারে ছিলেন। তিনি আগে থেকেই হৃদ্রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
জেল সুপার আরও জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল পৌনে ৯টার দিকে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে আমিনুল ইসলাম লিটনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।