প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:১৯ পিএম (ভিজিট : ৩২)

X
ছবি: প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান। সেখানে তার কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় ঢাকার বংশালে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ। একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান।
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে সারা দেশে শহীদদের স্মরণে কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা, স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এবং তাদের আত্মার শান্তি কামনা করা হচ্ছে।
এ উপলক্ষে দেশের শীর্ষ নেতৃত্ব পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
গত বছর থেকে ১৬ জুলাই ‘ঐতিহাসিক জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।