প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:০৬ পিএম (ভিজিট : ২৭)

X
সম্রাট হোসেন
কুষ্টিয়ার ভেড়ামারায় সাপের কামড়ে সম্রাট হোসেন (২১) নামের এক রাজমিস্ত্রি সহকারী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্রাট হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার সামিরুল ইসলামের বড় ছেলে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, সম্রাট হোসেন পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী ছিলেন। প্রতিদিনের মতো গোলাপনগর বাঙালপাড়া এলাকায় কাজ করার সময় তাঁকে সাপে কামড় দেয়। তিনি হঠাৎ অসুস্থ বোধ করে। পরবর্তীতে অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে পরিবারের লোকজন ও তিনি বুঝতে পারেন যে, তাকে সাপে দংশন করেছে।
বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপে দংশনে রোগীর চিকিৎসা না থাকায় দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সম্রাট ছিলেন তার পরিবারের একমাত্র চালিকাশক্তি। তার আয়ের ওপরই পুরো পরিবারটি নির্ভরশীল ছিল। মাত্র ২১ বছর বয়সী সম্রাটের স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই সম্রাটের আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান বলেন, কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সাপের কামড়ের ঘটনায় সম্রাটের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পর ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।