প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম (ভিজিট : ৩৪)

X
ধর্ষণ মামলার প্রধান আসামি
শেরপুরের নকলা উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ছানোয়ার হোসেন ছানু (২৫)-কে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শনিবার (১৮ জুলাই) র্যাব-১৪ জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অভিযুক্ত ছানোয়ার হোসেন স্কুলে যাতায়াতের সময় ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন সময় ও স্থানে তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২ মে রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীর দাদির বাড়িতে ধর্ষণের সময় দাদি ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যান। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ মে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর এবং র্যাব-১-এর সহযোগিতায় শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার কোনাবাড়ী থানার আমবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।