প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:২৪ পিএম (ভিজিট : ৩০)

X
ফাইল ছবি
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটের জয়িতা নামের ৮তলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট সিলগালা করে প্রশাসন।
দুদকের উপপরিচালক মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালান। অভিযানে জলসিঁড়ির ওই বাড়িতে রক্ষিত মালামালের তালিকা (ইনভেন্টরি) করা হয়।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান মেজর জেনারেল র্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থায় দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে গুম ও হত্যা, মানবতাবিরোধী অপরাধ, গোপন আটক ও নির্যাতন, ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর জিয়াউলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।