প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম (ভিজিট : ১৩২)

X
ভালুকায় পরিচ্ছন্নতা কার্যক্রম
সৌন্দর্য বর্ধনের স্থানগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে ভালুকা পৌর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকা বাসস্ট্যান্ডসংলগ্ন উপজেলা পরিষদের প্রবেশমুখে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ‘আই লাভ ভালুকা’ কর্নার ও পানির ফোয়ারা স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিনই পথচারী ও দর্শনার্থীরা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সেখানে ছবি ও সেলফি তোলেন।
সম্প্রতি সৌন্দর্যবর্ধন এলাকার বিভিন্ন স্থানে আগাছা জন্মানো এবং পৌরসভার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ময়লা-আবর্জনা জমে থাকার বিষয়টি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের নজরে আসে। এরপর মঙ্গলবার সকালে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ চলে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু থাকলে পৌর এলাকার সৌন্দর্য বজায় থাকবে এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হবে।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সৌন্দর্য বর্ধনের স্থানগুলো সংরক্ষণের পাশাপাশি নাগরিকদেরও যেখানে সেখানে ময়লা না ফেলে পরিচ্ছন্নতা রক্ষার আহবান জানান তিনি।