প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম (ভিজিট : ৩০)

X
ছবি : প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার খেলাধুলার পরিবেশকে আরও প্রাণবন্ত করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১৫টি খেলার মাঠের খেলোয়াড়দের মাঝে ৭৫টি ফুটবল বিতরণ করা হয়েছে। প্রতিটি মাঠের জন্য ৫টি করে ফুটবল দেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় কালিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন।
এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি মাদক, মোবাইল আসক্তি ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাবউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মিষ্টাংসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, মাঠভিত্তিক খেলাধুলার প্রসারে এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ বিনোদন ও নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে। তিনি ভবিষ্যতেও উপজেলার ক্রীড়া উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।