প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৩৩ পিএম (ভিজিট : ৬৪)

X
ছবি: প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের বন ব্যবস্থাপকের কার্যালয়ের বিপরীত পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এ-২ আসনের যাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম (২৪)কে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা ‘President’ ব্র্যান্ডের একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করে কালো ও লাল স্কচটেপে মোড়ানো ২০০টি স্বচ্ছ জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে মোট ১০ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৯২০ গ্রাম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তার রফিকুল ইসলাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় রামু থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল।