প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৩৯ পিএম (ভিজিট : ৬৮)

X
ফাইল ছবি
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনেও আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় ১২৮ বারের মতো পিছিয়ে গেল। বুধবার ২২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা না দেয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটির তদন্ত করে থানা-পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), এরপর র্যাব। ঘটনার এক যুগ পর মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়। গত বছরের নভেম্বরে র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটি।