প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম (ভিজিট : ১০৮)

X
ঘটনাস্থল পরিদর্শন
ভালুকায় নির্মাণাধীন ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় অবস্থিত এক্সিলেন্ট টাইলস অ্যান্ড সিরামিক ফ্যাক্টরির ইটিপি প্ল্যান্ট পরিদর্শন করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুকন উদ্দিন। এ সময় ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শনিবার (১৮ জুলাই) একই প্রতিষ্ঠানের নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টের ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার নকশা-আমাদী গ্রামের শফিকুল ইসলাম (৩০) এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের রুমেল (২৫)।
ঘটনার সময় প্রথমে রুমেল ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে নিচে নামেন মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম। তিনিও ট্যাংকের বিতর অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “দুর্ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি তদন্ত করছে। তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”