প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম (ভিজিট : ২৯)

X
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার ২৩ জুলাই বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে এ আহ্বান জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দোয়া মাহফিলে হেফাজতের আমির বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়েছে।
এদিন বাদ যোহর দেশের বিভিন্ন কওমি মাদরাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানেও ধর্মমন্ত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে দারুল উলুম হাটহাজারী মাদরাসা, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
হেফাজতের আমির ও মহাসচিব যৌথভাবে বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য দেশের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার তাঁর বাম নিতম্বে অস্ত্রোপচার (সার্জারি) হওয়ার কথা রয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশে বিভিন্ন মহল থেকে দোয়া অব্যাহত রয়েছে।