প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৩৯ পিএম (ভিজিট : ৪৯)

X
ছবি : প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না পেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেহা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর সঙ্গে আসা ইসলামী আন্দোলনের নেতাকর্মীকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার ঘটনাও ঘটে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ কুবি শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে ফয়জুল করীম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেও তাঁর সঙ্গে আসা ইসলামী আন্দোলনের নেতাকর্মীকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একসঙ্গে আসরের নামাজ আদায় করেন।
ইসলাহী ইজতেহায় সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ঈমান, আমল ও ইসলামী শরিয়তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের বিধান অনুসরণের বিকল্প নেই। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি রোজা, হজ ও জাকাতসহ ইসলামের মৌলিক ইবাদত যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে তিনি জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুল কাইয়ুমসহ দেশের সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
এর আগে ফয়জুল করীমের উপস্থিতিতে কর্মসূচি আয়োজনের অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করা হলেও তা অনুমোদন পায়নি। তবে পূর্বঘোষণা অনুযায়ী তাঁর উপস্থিতিতেই কেন্দ্রীয় মসজিদে কর্মসূচি অনুষ্ঠিত হয়।