প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম (ভিজিট : ৫৭)

X
সংগৃহীত ছবি
গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল পিএলসি বন্ধের ঝুঁকিতে পড়েছে—এমন দাবি করেছেন প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে কোম্পানির পক্ষ থেকে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
কোম্পানির জনসংযোগ কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপক (ডিজিএম) গোলাম কিবরিয়া বাংলাদেশ বুলেটিনকে জানান, কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় এবং নিয়মিত বিদ্যুৎ না পাওয়ায় উৎপাদন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের ওপরও। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না, ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
তিনি আরও বলেন, “গ্যাস নেই, বিদ্যুৎ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। উৎপাদন বন্ধ। কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। এ কারণে শ্রমিক অসন্তোষ চরমে পৌঁছেছে।” এ বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, কোম্পানির সচিব মো. কামরুজ্জামান অভিযোগগুলো সরাসরি নাকচ করে দেন। তিনি প্রতিবেদককে বলেন, “এসব সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের উৎপাদন স্বাভাবিকভাবে চলছে এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে।” তিনি আরও দাবি করেন, প্রতিষ্ঠান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই প্রতিষ্ঠানের দুই দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দেওয়ায় প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং উৎপাদন কার্যক্রম, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এবং বেতন-ভাতা সংক্রান্ত বাস্তব অবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।