জাতীয় সংসদ ভবনের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়ন ও নতুন প্রযুক্তি প্রতিস্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় সংসদের সাউন্ড সিস্টেমকে উন্নত ও প্রযুক্তি নির্ভর করার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন আধুনিক ব্যবস্থার ওপর বিস্তারিত উপস্থাপনা (প্রেজেন্টেশন) দেওয়া হয়।
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা সভায় সম্ভাব্য কারিগরি বিকল্প, প্রযুক্তির সক্ষমতা এবং এটি বাস্তবায়নের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, এর কার্যকারিতা এবং সংসদীয় অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সামঞ্জস্য বজায় রাখার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা এসব বিষয়ে নিজ নিজ মতামত জানান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এই সভায় সরকার ও বিরোধী দলের শীর্ষ প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এ ছাড়া গণপূর্ত অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।