সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় কান্নারত ও অভিভাবকহীন অবস্থায় শিশুটিকে দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান। পরে শিশুটির নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তাকে নিজের হেফাজতে নেন।
জানা যায়, শিশুটির নাম মো. আব্দুল্লাহ মাতব্বর। তার বয়স ৬ বছর। সে ইতালি প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ছেলে।
শিশুটিকে উদ্ধারের পর আনসার সদস্য মিজানুর রহমান বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন। একই সঙ্গে মাইকিং করে শিশুটির স্বজনদের সন্ধান করা হয়।
একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। এরপর শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে তার মামার কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সদস্যরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল উদ্ধার, জনসেবা এবং সাধারণ মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।